তৃতীয় প্রান্তিকে টয়োটার মুনাফা বেড়েছে দ্বিগুণ
চলতি বছরের তৃতীয় প্রান্তিকে তিন শতাংশ বিক্রি বাড়ায় বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা টয়োটা মোটরের মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। ২০২২ সালের জুলাই থেকে সেপ্টেম্বরে টয়োটার মুনাফা হয়েছিল ৫৬৩ বিলিয়ন ইয়েন। কিন্তু চলতি বছর একই সময়ে তাদের মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৪০ হাজার কোটি ইয়েন (৯৫০ কোটি ডলার)।
বুধবার (১ অক্টোবর) প্রান্তিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। ফিন্যান্সিয়াল টাইমস এর খবরে প্রকাশ, এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে বিশ্বজুড়ে রেকর্ড ৫৬ লাখ গাড়ি বিক্রি করেছে টয়োটা। পুরো বছরে এর পরিমাণ ১ কোটি ১৪ লাখে পৌঁছাবে বলে আশা করছে তারা। শুধু গাড়ির বাজারে নয়, শেয়ারবাজারেও দারুণ সময় যাচ্ছে টয়োটার। চলতি বছর তাদের শেয়ারের দর বেড়েছে প্রায় ৫০ শতাংশ। বুধবার বিপুল মুনাফা বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর টয়োটার শেয়ারের দর ৬ দশমিক ২ শতাংশ পর্যন্ত বাড়তে দেখা গেছে।
এ অবস্থায় নিজেদের সম্ভাব্য বার্ষিক মুনাফার পরিমাণ বাড়িয়েছে জাপানি অটোমোবাইল কোম্পানিটি। আগের পূর্বাভাসে টয়োটা বলেছিল, ২০২৪ সালের মার্চে শেষ হতে চলা আর্থিক বছরে তাদের মুনাফা হতে পারে তিন লাখ কোটি ইয়েন। কিন্তু সবশেষ পূর্বাভাসে এর পরিমাণ ৫০ শতাংশ বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার কোটি ইয়েন বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে বিশ্বের প্রতিটি অঞ্চলে টয়োটার গাড়ি বিক্রি বেড়েছে। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে হাইব্রিড এবং পেট্রলনির্ভর গাড়িগুলো।
এর পাশাপাশি টয়োটার মুনাফা বৃদ্ধিতে বড় অবদান রেখেছে জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতনও। বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রার দর ১৫০ ইয়েনেরও কম, যা গত ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন।







